বরিশালের বাকেরগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজেই সরাসরি অংশ নিয়ে রাস্তার পাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করেন। তার এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেনের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এ সময় ইউএনও মিল্টন চন্দ্র পাল সেখানে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কাজে যোগ দেন।
অভিযান চলাকালে রাস্তার দু’পাশের ঝোপঝাড়, আগাছা, লতাপাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। এতে সড়কের দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলেও নিরাপদ পরিবেশ তৈরি হয়।
স্থানীয়রা জানান, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনও মিল্টন চন্দ্র পালের নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত। তার এমন উদ্যোগ নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নাগরিক সেবা সহজীকরণ, পরিচ্ছন্নতা ও পৌরসভার সৌন্দর্যবর্ধনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন ইউএনও মিল্টন চন্দ্র পাল। প্রশাসনের সঙ্গে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পৌরবাসী।
পৌর প্রশাসক (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে বাকেরগঞ্জ থেকেই পরিচ্ছন্নতার কার্যক্রমকে আরও জোরদার করতে চাই। বাকেরগঞ্জের যুবসমাজ ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতেই আমি নিজে মাঠে নেমে কাজ শুরু করেছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে আমাদের পৌরসভাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।