ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রানা আহমেদ নামে এক যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সলেমানপুর শেখপাড়ায় নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হলে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত রানা আহমদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে রানা আহমদ নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রড, হাতুড়ি, দা ও বটিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত রানার স্ত্রী পলি খাতুন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকায় মাদক বিক্রি করায় তার স্বামী দীর্ঘদিন ধরে এতে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালানো হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন বলেন, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা রানার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেছে। উভয় পক্ষকে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।