ভিয়েনায় জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬৭৩টি হীরার নেকলেস চুরি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতেই জাদুঘর থেকে ঐতিহাসিক একটি হীরার নেকলেস চুরি হয়েছে। মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত প্ল্যাটিনামের এই নেকলেসটিতে ছিল ৬৭৩টি হীরা। দুই অস্ত্রধারী দুর্বৃত্ত জাদুঘরে ঢুকে কাচের প্রদর্শনী বাক্স ভেঙে অলংকারটি নিয়ে পালিয়ে যায়। নেকলেসটির ২০১৫ সালের নিলামমূল্য ছিল ৪৩ লাখ ডলার।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে দুই চোর। এরপর প্রদর্শনী কক্ষে রাখা কাচের সুরক্ষিত ডিসপ্লে কেস ভেঙে ২০০ ক্যারেটেরও বেশি ওজনের হীরাযুক্ত নেকলেসটি ছিনিয়ে নেয় তারা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরদের মুখে কোনো মুখোশ ছিল না এবং তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্র ছিল। চুরির পর তারা দ্রুত জাদুঘরের দক্ষিণ পাশের ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়।

১৯৩৯ সালে কায়রোতে রাজকুমারী ফাওজিয়ার বিয়েতে নেকলেসটি পরেছিলেন মিসরের রানি নাজলি (ডানে)। ছবিতে বাঁ দিক থেকে রয়েছেন রানি ফরিদা, রাজা ফারুক, রাজকুমারী ফাওজিয়া ও যুবরাজ মোহাম্মদ। ছবি: বেটম্যান আর্কাইভ

চুরি হওয়া ঐতিহাসিক নেকলেসটি প্রখ্যাত ফরাসি জুয়েলারি হাউস ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস-এর তৈরি। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার কন্যা ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির রাজকীয় বিবাহ অনুষ্ঠানে এই নেকলেসটি পরিধান করেছিলেন। সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকা বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে এটি ভিয়েনায় আনা হয়েছিল।

ঐতিহাসিক নেকলেস চুরির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন। তিনি জানান, কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকলেও চুরিটি ঠেকানো সম্ভব হয়নি। তবে কর্মীরা পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে চোরদের ধরতে স্নিফার ডগ ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে ব্যাপক অভিযান চালাচ্ছে অস্ট্রিয়ান পুলিশ।