শুরু হয়েছে বুন্দেসলিগার নতুন মৌসুম। আর উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই দুটি মাইলফলক ছুঁয়েছেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।
বায়ার্নের গোলপোস্টের নিচে যথারীতি ছিলেন ৪০ বছর বয়সী নয়ার। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেললেন তিনি।
একই সঙ্গে এটি বুন্দেসলিগায় নয়ারের ২১তম মৌসুম। ২০১১ সালে শালকে-০৪ থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর ধীরে ধীরে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন নয়ার।
বায়ার্নের জার্সিতে একাধিক বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছেন নয়ার। এছাড়া দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন এই গোলরক্ষক। বয়স ৪০ পেরোলেও ফুটবলের প্রতি নয়ারের ক্ষুধা অবশ্য এতটুকু কমেনি। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সেটির আরেকটি প্রমাণ দিলেন তিনি।