২ হাজার কোটি টাকায় লিভারপুলে যাচ্ছেন বারকোলা!

লিভারপুল ছেড়েছেন মোহাম্মদ সালহ। তার শূন্যতা পূরণে পিএসজির ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে টানছে অল রেডরা। এ নিয়ে পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। 

বিসিবি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বোনাসসহ চুক্তিটির মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ১২৩ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার কোটি টাকারও বেশি। শুরুতে বারকোলার জন্য ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল পিএসজি। 

তবে আলোচনার পর ১০৬ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক ফিতে রাজি হয়েছে ফরাসি ক্লাবটি। পারফরম্যান্সনির্ভর বিভিন্ন শর্ত পূরণ হলে এর সঙ্গে আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।

২৩ বছর বয়সী বারকোলা চলতি সপ্তাহের শেষ দিকে লিভারপুলে মেডিকেল পরীক্ষায় অংশ নিতে পারেন। সবকিছু ঠিক থাকলে এরপর অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন তিনি।

বারকোলা যোগ দিলে লিভারপুলের বর্তমান আক্রমণভাগের ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের প্রতি টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার সিটির আগ্রহের খবরও রয়েছে।