অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার কথা জানিয়েছেন মামলার বাদী।
মামলার বাদী আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী জানান, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলাটি করেন তিনি। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকালে তিনি সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে দিয়েছেন বলে দাবি করেন। তবে এসব প্রমাণ বিবেচনায় নেওয়া হয়নি অভিযোগ করে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাদী আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া বলেন, ‘মামলার পর আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে। আমি সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ সব প্রমাণ দিয়েছি। কিন্তু কোনো কারণ উল্লেখ না করে অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেয়া হয়েছে। এতে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। তাই আইনজীবীর সঙ্গে আলোচনা করে প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করব।’ বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওই দিন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হবে।
তিনি বলেন, ‘তানজিন তিশার হুমকির অডিও রেকর্ডিং তদন্ত কর্মকর্তাকে শোনানো হলেও তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। আমরা আদালতে ন্যায়বিচার চাইব। আশা করছি, সার্বিক বিষয় বিবেচনা করে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেবেন।’