ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। এ সময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বত অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শনিবার (২৯ আগস্ট) জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এনসিপি নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বতের সম্পর্ক অটুট রাখার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করে।