লালমনিরহাটের কুলাঘাটে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩০ দশমিক ৮৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি চালু হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমার পাশাপাশি ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে সেতুটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, টেকসই অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি। বর্তমান সরকারের সময়ে দেশের যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হচ্ছে।
রত্নাই সেতুর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সেতুটি চালু হওয়ায় নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। লালমনিরহাট-ফুলবাড়ী হয়ে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় সহজে সড়কপথে যাতায়াত করা যাবে।
সেতুটি চালুর ফলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে এ অঞ্চলের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক বিভাগ, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন)’-এর আওতায় রত্নাই সড়ক সেতুটি নির্মাণ করা হয়েছে। কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করে।
প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনচার্জ এস. এম. রিয়াজ মোর্শেদ বলেন, শনিবার বিকেল ৫টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মূল সেতুর রেলিংসহ সামান্য কিছু কাজ বাকি রয়েছে। অল্প সময়ের মধ্যেই এসব কাজ সম্পন্ন করা হবে।