নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনো ২ হাজার ৩৬২ জন নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত উদ্ধারকারী দল ৬৬৯টি মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানান। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালি নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী। এছাড়া নিখোঁজ ৪৯৯ জন বিদেশি নাগরিকের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর রয়েছেন। এর বাইরে ২১১টি আংশিক মানবদেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যার পর চলমান উদ্ধার ও অনুসন্ধান অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত বা বিপদগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ ও ৭৯৫ জন নারী।
প্রলয়ংকরী বন্যায় ঘরবাড়ি হারিয়ে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ অবস্থান করছেন। তবে ধাদিংয়ের আশ্রয়কেন্দ্রে থাকা সব বাস্তুচ্যুত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করতে নেপালে এখনো ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।