জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে পুলিশকে সব ধরনের অপপ্রচার ও গুজবের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব নির্দেশনা দেন।

আইজিপি বলেন, কোনো ঘটনা ঘটার আগেই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ দেশের ও জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘পুলিশকে সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় অতিরিক্ত আইজি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।

এ সময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া পিবিআই প্রধান (অতিরিক্ত আইজি) মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান (অতিরিক্ত আইজি) মো. রেজাউল করিম, র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ এবং এসবি প্রধান (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিন নিজ নিজ ইউনিটের কার্যক্রম ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। আইজিপি আলী হোসেন ফকির নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।