বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গুমের কাহিনী সাজানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্ত করানো হলেও সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি। বরং মিরাজ শেখকে ঘিরে মোংলায় ঘটে যাওয়া ঘটনাটি বিভিন্ন জলদস্যু গ্রুপের পারস্পরিক বিরোধের ফল হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত ‘মায়ের ডাক’ কর্তৃক আয়োজিত প্রদর্শনী ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখের লোকজন নদীর তীরে একটি পন্টুন স্থাপন করেছিল। অভিযোগ রয়েছে, ওই পন্টুন ব্যবহার করে জলদস্যুদের জন্য সমুদ্র থেকে রসদ সংগ্রহ ও সরবরাহ করা হতো। কোস্টগার্ড পন্টুনটি সরিয়ে দেওয়ার পর এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় একপর্যায়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ সময় কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে আহত করার অভিযোগও ওঠে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, পন্টুন অপসারণকে কেন্দ্র করে ক্ষোভের পাশাপাশি মিরাজ শেখকে কোস্টগার্ড নিয়ে গেছে এমন অভিযোগও সামনে আসে। তবে তার মতে, পুরো ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপগুলোর সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
মিরাজ শেখ ও তার পরিবারের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখ ও তার বাবার রেকর্ডও একই ধরনের ছিল। তার বিরোধী গ্রুপের ক্ষেত্রেও একই ধরনের তথ্য রয়েছে।
তবে এসব বিষয় সামনে আসার পরও ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য একটি বাহিনীকে দিয়ে তদন্ত করানো হলেও সেখান থেকে কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এখানে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না।’
মিরাজ শেখের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কেউ গুমের কাহিনী তৈরি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সরকারের অবস্থান স্বচ্ছ দাবি করে তিনি বলেন, ‘উই আর ট্রান্সপারেন্ট।’
তবে কেউ চাইলে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও সরকার প্রস্তুত বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা কোনো স্বাধীন তদন্ত করতে চান, উই আর রেডি। আমরা স্বাধীন তদন্ত করবো।’