ইরান যুদ্ধ চায় না তবে হামলাকারীর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে: পেজেশকিয়ান

ইরান কোনো যুদ্ধ চায় না তবে যেকোনো আক্রমণকারীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দৃঢ়প্রতিজ্ঞ কোনো জাতিকে কোনো শক্তিই আত্মসমর্পণ করাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধের সূচনা ঘটায়নি।’

তিনি আরও জানান, ইরান কোনো হুমকির মুখে মাথা নত করবে না, কারণ তাদের পেছনে রয়েছে কূটনৈতিক প্রচেষ্টা, জনগণ ও সরকারি কর্মকর্তাদের সমর্থন এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের আত্মত্যাগ।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে এবং কেবল ইরানের অনুমতি পেলেই যেকোনো জাহাজ এটি অতিক্রম করতে পারবে। সমন্বয় ছাড়া জাহাজ চলাচলের দাবিকে তিনি প্রত্যাখ্যান করে জানান, তাদের সশস্ত্র বাহিনী প্রণালির সমস্ত চলাচলের ওপর পূর্ণ নজরদারি রাখছে।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতার বিষয়ে শনিবার সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রকে কী পদক্ষেপ নিতে হবে তা স্পষ্ট করা হয়েছে। সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে এবং তাদেরই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমান সরকারের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমেরিকান প্রতিশ্রুতি পূরণ হলেই ইরান পরবর্তী পদক্ষেপ নেবে।


সূত্র: মিডল ইস্ট আই