ভারতের পাঞ্জাবের মামদোট শহরে আম আদমি পার্টির নেতা গুরুপ্রীত সিং গোপীকে মোটরসাইকেল তাড়া করে গুলি চালিয়ে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। রোববার (৩০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) ভূপিন্দর সিং সিধু জানান, গুরুপ্রীত গোপী ও হরপ্রীত নামের এক ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গাড়িতে আসা হামলাকারীরা তাদের তাড়া করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গোপী মারা যান।
তদন্তকারীদের মতে, পুরানো শত্রুতা এবং নির্বাচন সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। গোপীদের অনুগামী বন্ধুদের বহনকারী অপর একটি গাড়িতেও দুর্বৃত্তরা গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে।
এসএসপি ভূপিন্দর সিং সিধু বলেন, ‘দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আক্রমণকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারে একাধিক দল গঠন করে অভিযান চালানো হচ্ছে।’ তিনি আরও জানান, প্রধান অভিযুক্তের অপরাধমূলক পটভূমি রয়েছে।
এই ঘটনার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক বিরোধটি রাজনৈতিক অঙ্গনে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।
সূত্র: এনডিটিভি