২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবসর ভেঙে পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ আমির। এরপর আবারও অবসর নেন তিনি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলে আমিরের ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এমন সময় নিজের অবস্থান জানিয়ে সে আলোচনা বন্ধ করলেন এই পেসার।
২০২৪ সালের ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। এরপর স্ত্রী নারজিস খানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব ও দেশটির পাসপোর্টও অর্জন করেন তিনি।
ক্রিকেট বিষয়ক ইউটিউবার ফুরকান ভাট্টির সঙ্গে আলাপকালে আমির বলেন, ‘আমি এখন ব্রিটিশ স্থানীয় খেলোয়াড়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে হলে একটি নথিতে স্বাক্ষর করতে হয়, যেখানে বলা থাকে যে স্থানীয় খেলোয়াড় হিসেবে আপনি অন্য কোনো দেশের হয়ে খেলতে পারবেন না। তাই পাকিস্তানের সঙ্গে আমার আগের যে অধ্যায় ছিল, সেটির এখন সমাপ্তি ঘটেছে।’
ব্রিটিশ নাগরিক হওয়ার ফলে এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় আমির বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেবেন। এর আগে ৩৪ বছর বয়সী এই পেসারের পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৯ সালে। জাতীয় দলে তিনি ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ এবং ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট শিকার করেছেন।
২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন আমির। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।