নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

ঝালকাঠির নলছিটিতে মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার মো. ইমরান (৪০) পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে মুরগিবাহী একটি দ্রুতগতির পিকআপ কুয়াকাটার দিকে যাওয়ার পথে খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমরানের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় ও পুলিশের সহায়তায় আহত চালকসহ তিনজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, হাইওয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।