ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) জার্সিতে আর দেখা যাবে না ৪৭ নম্বর। দলের কিংবদন্তি ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর সম্মানে তার জার্সি নম্বরটি অবসরে পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার (২৯ আগস্ট) রাতে পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে টিকেআরের ২০২৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ম্যাচ শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়। সিপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জার্সি অবসরের সম্মান পেলেন ব্রাভো।
নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ‘নাইট রাইডার্স ও সিপিএলে ডোয়াইন ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। ৪৭ নম্বর অবসরে পাঠানোর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, তার উত্তরাধিকার যেন চিরকাল এই ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে থাকে। সিপিএলের ইতিহাসে এই সম্মান পাওয়ার জন্য তার চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না।’
ব্রাভোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টিকেআরের বর্তমান অধিনায়ক নিকোলাস পুরানও। ফ্র্যাঞ্চাইজির প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পাশে আপনাকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। বড় ভাইয়ের মতো পাশে থাকার জন্য ধন্যবাদ। অনেক সময় আপনি আমাদের কাছে বাবার মতোও ছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার জীবনে অনুপ্রেরণা হয়ে থাকার জন্য ধন্যবাদ।’
ব্রাভোর দীর্ঘদিনের সতীর্থ সুনীল নারাইনও তার অবদানের কথা স্মরণ করেন। নারাইন বলেন, ‘আপনি অনেক তরুণ ক্রিকেটারের জন্য পথ তৈরি করে দিয়েছেন। নিজের যত্ন নেওয়া, সব সময় নিজের শক্তি ধরে রাখা এবং সবকিছুতেই জিততে চাওয়ার মানসিকতা; এসবই আপনাকে আলাদা করেছে।’
বর্তমানে টিকেআরের প্রধান কোচের দায়িত্বে থাকা ব্রাভো খেলোয়াড় হিসেবে সিপিএলে পাঁচবার শিরোপা জিতেছেন। ২০১৭ ও ২০১৮ সালে টিকেআরের অধিনায়ক হিসেবে টানা দুইবার দলকে চ্যাম্পিয়ন করেন ব্রাভো। এছাড়া ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবেও শিরোপা জেতেন তিনি।
সিপিএলে খেলোয়াড় হিসেবে ব্রাভো মোট ১০৭টি ম্যাচ খেলেছেন। তার শিকার ১২৯ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৭৪ করে। ২০২৪ সালের পর আর খেলেননি তিনি। এরপরও সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্রাভো। তার ওপরে আছেন সুনীল নারাইন (১৩৯) ও ইমরান তাহির (১৩৫)।