গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে স্লোগান দেওয়ায় ওই নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেয়।
গ্রেপ্তারেরা হলেন- মহানগরীর টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর উদ্দেশ্যে থানা প্রাঙ্গণে প্রিজনভ্যানে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় আসামির স্বজন ও সমর্থকরা প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। থানা চত্বরে এ ধরনের স্লোগান দেওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ‘থানার নিরাপত্তা ও আইনি পরিবেশ বিঘ্ন করে ভেতরে এ ধরনের স্লোগান দেওয়া সম্পূর্ণ বেআইনি। তাই তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’