ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন চারজন।  সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় বালিপাড়াগামী একটি ট্রাক ও ত্রিশালগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০) যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সিএনজিচালকসহ চারজন আহত হন।

আহতদের প্রথমে এলাকাবাসী উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ফয়জুল (৩৪) ও রুবেলকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুই আহত হৃদয় (২২) ও নাবিল (২২) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।