বলিউডের অন্যতম আইটেম গান মানেই মালাইকা আরোরা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল নামে খ্যাত এই তারকা।
অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন মালাইকা। এ সম্পর্কের ইতি টানার পর মালাইকার সঙ্গে নাম জড়ায় হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার। এবার নতুন করে দুজনের প্রেমের গুঞ্জনে মেতেছে নেটিজেনরা।
বলিউড বাবলের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক নৈশভোজকে কেন্দ্র করে মালাইকা-হর্ষর প্রেমের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে।
গত ২৯ আগস্ট, মুম্বাইয়ে একসঙ্গে নৈশভোজ সেরে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় তাদেরকে। মুম্বাইয়ের বান্দ্রার জনপ্রিয় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর থেকে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নানা আলোচনা চলছে।
গত বছর একটি কনসার্টে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার তোলা ছবি ভাইরাল হয়; যা নিয়ে তাদের প্রেমের জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে। তারা ইতালির রোমে বেড়াতেও গিয়েছিলেন। ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে দেখা যায় তাদের। এ পার্টিতে তোলা ছবি ভাইরাল হওয়ার পর চর্চা কম হয়নি।
মালাইকার পরিবার আয়োজিত ওনাম উৎসবেও হর্ষকে দেখা গেছে। এসব ঘটনার সমীকরণ মিলিয়ে নেটিজেনদের ভাষ্য-প্রেম করছেন তারা। হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট। তবে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর মুখে কুলুপ এঁটে আছেন মালাইকা।
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি মালাইকা। তবে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি।