দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে।
দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান, অথবা পদত্যাগ করুন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান, অথবা পদত্যাগ করুন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।
তবে এরপর তিনি যে মন্তব্য করেন, তা নিয়ে বিজেপির তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মন্ত্রী বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা এটি নিয়ে ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি মানবতা দিয়ে শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেখুন, কোরআনের বিষয়ে বলছি, আব্রাহামিক (ইহুদি, খ্রিস্টান ও ইসলাম) ধর্মগুলো নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করিনি। আর আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না। তবে আমি ধর্ম এবং বিভিন্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করি। এ কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোর দিকে তাকাই।’
রায়ারেড্ডির এই মন্তব্যের পর কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করেন।
তিনি বলেন, মন্ত্রীর মন্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে। ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন আর অশোক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অশোক লেখেন, ‘ডি কে শিবকুমার, আপনাদের কংগ্রেস সরকারের এই হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই? আপনি ভোরবেলা মন্দিরে যাওয়ার নাটক করেন, ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শন করেন। কিন্তু আপনার নিজের মন্ত্রিসভার একজন মন্ত্রী যখন সনাতন হিন্দু ধর্ম ও মন্দির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, তখন আপনি কেন নীরব থাকেন?’
তিনি বলেন, বাসবরাজ রায়ারেড্ডি ক্ষমা না চাইলে তাকে পদত্যাগ করতে হবে। তার এই দাবি এমন সময়ে এলো, যখন দুর্নীতির অভিযোগে বিজেপির লাগাতার আক্রমণের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করেছেন। রায়ারেড্ডির মন্তব্যের দুই দিন আগেই নাগেন্দ্র পদত্যাগ করেন।
বিজেপি নেতা আর অশোক বলেন, ‘উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ভালোভাবে শুনুন। ‘আমি মঠ বা মন্দিরে যাই না’—বলে তিনি রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলোকে হেয় করেছেন। আবার ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ ধরনের মন্তব্য করে তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পরিষ্কার—প্রথমে বাসবরাজ রায়ারেড্ডিকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং রাজ্যের সব হিন্দুর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি তা করতে প্রস্তুত না থাকেন, তাহলে শিবকুমারকে মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। তা না হলে কন্নড়ভূমির কোটি কোটি হিন্দুর কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে: আপনার মন্দিরে যাওয়া ভক্তির জন্য নয়; হিন্দু ধর্মের প্রতি সম্মান থেকেও আপনার কথাগুলো বলা হয় না; সবকিছুই শুধু ভোটের জন্য, লোক দেখানোর জন্য।’
বিজেপির মুখপাত্র অশোক গৌড়া অভিযোগ করেন, মন্ত্রী এবং কংগ্রেস সরকার ‘ভোটারদের তুষ্ট করার’ চেষ্টা করছে। তিনি বলেন, ‘বাসবরাজ রায়ারেড্ডি তার ভোটারদের তুষ্ট করতে গিয়ে মনে হচ্ছে সপ্তম শতাব্দীতেই আটকে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ুন, তারপর সিদ্ধান্তে আসুন। আপনি কোনো বিশেষজ্ঞ নন, দয়া করে এটি মনে রাখবেন।’
বাসবরাজ রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থ উপদেষ্টা ছিলেন। চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি মন্ত্রী হন।