এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম-পরিচালক বদরুল আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

বদরুল আহমেদের বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

অন্যদিকে, এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনিও দেশত্যাগের চেষ্টা করছে উল্লেখ করে আবেদনে বলা হয়, তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।