কুমিল্লায় ৭ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো মা

কুমিল্লার নাঙ্গলকোটে নাজমুল হাসান ফারাবী নামের সাত মাস বয়সী এক শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে (২০) আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ফাতেমা বেগম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পাশের ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।

নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাসের ছেলে ফারাবিকে নিয়ে নিশ্চিন্তপুর তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশচাপা দিয়েছেন।

ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি মো. শাহিনুর ইসলাম বলেন, সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা স্বীকার করেছেন, শিশুটি খুব বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশ চাপা দেন। এতে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।