বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২২ নম্বর ওয়ার্ডে পুলিশের সহায়তায় বিএনপির এক নেতা অন্যের বাড়ি দখল কমরছেন বলে অভিযোগ পাওয়া গেছে । অভিযোগে জানা যায়, গত রবিবার রাতে নাসিক ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা হান্নান সরকারের নেতৃত্বে বিউটি আক্তার নামে এক মহিলার পৈতৃক বাড়ি দখল করা হয়। বন্দর শিশুবাগ এলাকায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিউটি আক্তারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ি দখলের অভিযোগ উঠেছে হান্নান সরকারের বিরুদ্ধে।
বিউটি আক্তার জানান, জমি ও বাড়িটি নিয়ে আদালতে আইনি প্রক্রিয়া চলমান। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত বা আদালতের নির্দেশনা ছাড়াই তার সৎ-মা সালমা বেগমের পক্ষ অবলম্বন করে সাবেক কাউন্সিলর হান্নান ও তার ৮-১০ জন সহযোগী জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করেন। তারা অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করেন । তিনি ও তার বোন বাধা দিতে গেলে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এরপর হামলাকারীরা জোর করে নিচতলার একটি কক্ষে সালমা বেগমকে তুলে দিয়ে ঘর দখল করে নেন। পরে পুলিশ এসে উলটো তার বোনকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। বিচারাধীন বিষয়ে এভাবে অবৈধ বলপ্রয়োগ ও প্রশাসনিক হয়রানির তীব্র নিন্দা জানান বিউটি আক্তার ।
অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নান মোবাইল ফোনে বলেন, ‘যার বাড়ি তিনিই দখলে নিয়েছেন।' অপরদিকে, বন্দর থানার ওসি বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না ।