চলতি সপ্তাহেই পে-স্কেলের একাধিক প্রজ্ঞাপন, সঙ্গে থাকবে এসআরও

মন্ত্রিসভায় অনুমোদিত ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর আনুষ্ঠানিক গেজেট চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন একটি নয়, বিষয়ভিত্তিক একাধিক প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই (ভেটিং) শেষে কয়েকটি বিষয় বিধিবদ্ধ সরকারি আদেশ বা এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারে প্রকাশ পাবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামো অনুমোদন পায়।

প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’

তিনি জানান, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা জারি করা হবে। এসব নির্দেশনায় নতুন বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতার রূপরেখা, পেনশন এবং অবসর-পরবর্তী আর্থিক সুবিধাসহ সংশ্লিষ্ট সব খুঁটিনাটি বিধিমালার স্পষ্ট বিবরণ থাকবে। অনুমোদিত এই বেতন স্কেল মাঠপর্যায়ে যথাযথভাবে কার্যকর করতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থাকে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা দেওয়া হবে।

দীর্ঘদিন পর নতুন বেতন স্কেল দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে নাসিমুল গনি বলেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রচলিত নিয়মে প্রতি পাঁচ বছর পর পর নতুন পে স্কেল আসার কথা থাকলেও প্রায় ১২ বছর ধরে সরকারি চাকরিজীবীদের কোনো নতুন বেতন স্কেল হয়নি। দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাস্তবতার ভারসাম্য বজায় রেখেই সরকার এবারের বেতন কাঠামো চূড়ান্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।