চাচাতো ভাইয়ের রামদার কোপে কৃষকের পা বিচ্ছিন্ন

ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আবু মুসা (৩৫) নামের এক কৃষককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন মোল্লার বিরুদ্ধে। হামলায় আবু মুসার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন পলাতক রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠের কাজ শেষ করে বিকেলে বাড়ি ফেরেন আবু মুসা। পরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাওয়ার সময় মামুন মোল্লা রামদা নিয়ে তার ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মামুন এলোপাতাড়ি কোপ দিলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান আবু মুসা। স্থানীয়রা এগিয়ে এলে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত আবু মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আবু মুসার স্ত্রী বিউটি খাতুনের অভিযোগ, মামুন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় নিজের স্ত্রীকে মারধর করতেন এবং পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝামেলায় জড়াতেন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আবু মুসার ওপর ক্ষুব্ধ ছিলেন মামুন। সেই বিরোধের জেরেই তার স্বামীকে কুপিয়ে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিউটি খাতুন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. ফারিহা তাহসিন বলেন, হামলায় আবু মুসার ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তাঁর বাম পায়েও ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাত রয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মামুন মোল্লা চিহ্নিত মাদকসেবী এবং এর আগে বাজারের একটি দোকানে চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’