মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বুড়ো মিয়া (৪৫)। তিনি দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার বুদো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে বুড়ো মিয়া দামুড়হুদার লোকনাথপুর গ্রামের কেরামত মণ্ডলের বাড়িতে টিউবওয়েলের মোটর খুলতে যান। মোটরটিতে বিদ্যুতের সংযোগ থাকায় সেটি খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। থানার একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।