বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে দেশে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী রেখে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী তৈরি করে গেছে। এই সমস্যা আমরা তৈরি করিনি।’ জনগণের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। ইনশাআল্লাহ, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো সমস্যা থাকবে না।
শহিদুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নির্যাস নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে বিএনপি আবার কোটি কোটি মানুষের ভালোবাসার দলে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি কখনো বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী ভূমিকা পালন করেনি। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—সব ক্ষেত্রেই বিএনপির ভূমিকা রয়েছে। বিএনপির কোনো কলঙ্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে বাবুল বলেন, ‘বাংলাদেশ থেকে মানুষ খুন করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গিয়ে তারা আবার স্বপ্ন দেখে বাংলাদেশে আসবে।’ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, এমন কোনো দল নেই যারা পালিয়ে যাওয়ার দুই মাস পর দেশে ফিরে এসে ক্ষমতা দখল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।