সাগর-রুনি হত্যা মামলা

কোনো সাংস্কৃতিক কর্মীর নাম অনুমান করা উচিত নয়: তথ্য উপদেষ্টা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে কোনো সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানানো হলেও এ নিয়ে অনুমান করে কারও নাম প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। 

তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু প্রাথমিক তথ্য পাওয়ার কথা বলেছেন। তবে এ নিয়ে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে অনুমান করে কারও নাম প্রকাশ করা ঠিক হবে না।

তিনি বলেন, রাষ্ট্র বিষয়টি তদন্ত করবে। আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে অভিযোগ বা চার্জ আনা হলে তখন তার নাম প্রকাশ্যে আসবে।

কোনো ব্যক্তি শেখ হাসিনার পক্ষে সক্রিয় ছিলেন বা তার পক্ষে কথা বলেছেন, এটি আলাদা বিষয় বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তার ভাষ্য, কেউ কোনো রাজনৈতিক অবস্থান নিলেই অন্য কোনো অপরাধের সঙ্গে তাকে জড়িয়ে দেওয়া যায় না। সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে অন্যের অপরাধ তার ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, ‘সংবেদনশীল একটি বিষয়ে শুধুমাত্র সেনসেশন তৈরির জন্য কারও নাম ছড়িয়ে দেওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত তথ্য ও আনুষ্ঠানিক অভিযোগ সামনে না আসা পর্যন্ত কোনো ব্যক্তির নাম নিয়ে অনুমান করা থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিরত থাকা প্রয়োজন।