ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিলল নার্সের মরদেহ

জামালপুরে নিজ ঘর থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের চালাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানা আক্তার শিলার মরদেহ যে বাড়িতে পাওয়া গেছে সে বাড়িতে তিনি একাই থাকতেন। দুপুরে শিলার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সদর থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, শিলার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কিনা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।