চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টর চালক।

স্থানীয় সূত্রে জানা যায়- পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজি অটোরিক্সা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে এবং সাকিল এর দেয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার (৩১ আগস্ট) রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।

সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। দুপুর আড়াইটায় কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলী মিয়া জানান, ‘আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

কেরণখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন জানান, আরিফ হোসেন যদি অটোরিকশা চুরি করেও থাকতেন, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ঘটনার সঙ্গে কারা জড়িত বা হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান তিনি। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।