বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের কঠোর নির্দেশনা

বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে রাজস্ব বোর্ডের অধীনস্থ সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে এনবিআরের আওতাধীন সব কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরসহ সকল সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি নির্দেশনাসংবলিত নির্দেশনা জারি করা হয়েছিল। সেই পরিপত্রের আলোকেই এনবিআর নিজস্ব দাপ্তরিক আদেশে অনুসরণের জন্য একাধিক সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাগুলো হলো- 

  • দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করতে হবে। পর্দা বা ব্লাইন্ড সরিয়ে সূর্যের আলো ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।
  • অফিস চলাকালীন ব্যবহৃত বাতির অন্তত অর্ধেক বন্ধ রাখতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা বাধ্যতামূলকভাবে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
  • কক্ষ ত্যাগ করার সময় কিংবা অফিস সময় শেষ হওয়া মাত্রই লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার বন্ধ নিশ্চিত করতে হবে।
  • করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না। যেকোনো ধরনের আলোকসজ্জা পুরোপুরি পরিহার করতে হবে।
  • সরকারি যানবাহনের ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কঠোর সাশ্রয়ী নীতি মেনে চলতে হবে।