চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় ভুক্তভোগী ও তার দুই সন্তানসহ কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন এবং জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।

ভুক্তভোগী বিপ্লব হোসেন জানান, জমি বন্ধক রাখার বিষয়ে কথা বলতে তিনি গড়চাপড়ায় যাচ্ছিলেন তিনি। এসময় ফরিদপুর-গড়চাপড়া মাঠের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে ছয়জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যবহৃত মোটরসাইকেল, প্রায় ২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে একজন দুর্বৃত্ত পাহারায় ছিল।

শুকুর আলী জানান, পারকুলা এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে রাত আনুমানিক নয়টার দিকে দুই শিশুসন্তান সজিব ও রাজীবকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজন তাদের পথরোধ করে। এসময় অস্ত্রের মুখে তার ব্যবহৃত মোটরসাইকেল, সঙ্গে থাকা ৫০ টাকা ও মিলাদের তিন প্যাকেট খিচুড়ি নিয়ে নেয়। তখন দুই শিশু কান্নাকাটি শুরু করলে তাদের মারধর করা হয়। পরে তাদের একটি মেহগনি বাগানে নিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়।

শুকুর আলী জানান, প্রায় ১০ মিনিট পর পাহারায় থাকা ব্যক্তি কিছুটা দূরে গেলে কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে ফেলেন তিনি। পরে দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে ঘটনাটি গ্রামবাসীকে জানান তিনি। পরে কৌশলে পালিয়ে যান বিপ্লবও।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’