রাজশাহীতে জুয়া খেলার সময় পুলিশ সদস্যসহ ১২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরের উপশহর এলাকায় একটি ক্লাবে জুয়া খেলার সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত এক কনস্টেবলও রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে উপশহরের উত্তরা ক্লিনিক মোড়সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত কনস্টেবল ও রাজশাহীর নগরীর তেরোখাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ওয়াহিদ মুরাদ (৪৭) এবং আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)। তারা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, সোমবার রাত ১১টার দিকে নগরীর উত্তরা ক্লিনিক মোড়সংলগ্ন একটি টিনশেড ভবনে অভিযান চালানো হয়। সেখানে একতা সংঘ নামের একটি ক্লাবে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করা হয়। পরে ্দেবার বিরুদ্ধে মামলা দিয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।