ইরানের দুই ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে হামলা চালায় মার্কিন বাহিনী। এ সময় দুটি ট্যাংকারকে টার্গেট করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধুমাত্র চলাচলে বাধা দেওয়া হতো বলে জানা গেছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

অর্থাৎ ইরান যদি এখন কোনো ট্যাংকারে হামলা চালায় তাহলে পাল্টা হামলা হিসেবে তাদের ট্যাংকারকে টার্গেট করবে মার্কিনিরা।

জানা যায়, যে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে সেগুলো ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় এগুলোর ওপর ড্রোন ও মিসাইল ছোড়া হয়। যা ট্যাংকারগুলোর ইঞ্জিন রুমে আঘাত হানে।

এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন না করতে পারে সেজন্য বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

ট্যাংকারে হামলা এই পরিকল্পনারই অংশ বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।