চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা। এসব ঘটনায় মামলা করতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদন জানিয়েছিল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। তবে ২২টি ট্রান্সফরমার চুরির ঘটনায় পৃথকভাবে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি।
বিষয়টি আদালতের নজরে এলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ আদেশ দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এর আগে পত্রিকায় প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির হিড়িক’ শীর্ষক সংবাদ আমলে নেন আদালত। পরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, ট্রান্সফরমার চুরির প্রতিটি ঘটনায় মতলব উত্তর থানার ওসি বরাবর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছিল।
তবে আদালতের আদেশের আগে এসব আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো মামলাই রুজু করা হয়নি। বিদ্যুতের মতো জরুরি সেবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হলেও মামলা করে চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ওসি মোহাম্মদ কামরুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।