সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে চার মাস ২০ দিন বয়সী আয়ান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও হবিগঞ্জ সদরের এক বছর দুই মাস বয়সী ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫৪ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ল্যাবরেটরি পরীক্ষায় ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া ১৫৪ জনের মধ্যে ১০ জনের ল্যাব পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকিরা তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।