সেপ্টেম্বরে দেশে কম বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির দিনের সংখ্যা ১৮ থেকে ২৩ দিন।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও ময়মনসিংহে ১৬ থেকে ২০ দিন, চট্টগ্রামে ২০ থেকে ২৪ দিন, সিলেটে ২১ থেকে ২৫ দিন, রাজশাহীতে ১৬ থেকে ২০ দিন, রংপুরে ১৮ থেকে ২২ দিন, খুলনায় ১৬ থেকে ২০ দিন এবং বরিশালে ২০ থেকে ২৪ দিন বৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রণয়ন-সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সভায় বৈশ্বিক বিভিন্ন আবহাওয়া ও জলবায়ু পূর্বাভাস মডেলের তথ্য বিশ্লেষণ করে সেপ্টেম্বরের এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১ সেপ্টেম্বর)।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দেশের কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সাময়িকভাবে ভারী বৃষ্টিও হতে পারে।

এ ছাড়া সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

গত মাসে বৃষ্টি কমেছে

আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনা অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ওই মাসে দেশে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৫৮ মিলিমিটার, যেখানে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৩৭৯ মিলিমিটার।

তবে বিভাগভেদে বৃষ্টিপাতের চিত্র ছিল ভিন্ন। আগস্টে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টি ছিল প্রায় স্বাভাবিক। অন্যদিকে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে।

গত মাসে কয়েক দফা লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়। এর মধ্যে ৩১ আগস্ট দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ১৯৮ মিলিমিটার রেকর্ড করা হয়। আগস্টে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ৭ আগস্ট নারায়ণগঞ্জে সর্বোচ্চ ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।