চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের হাতে পাউবোর উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত ও রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকৌশলীর নিজ অফিসকক্ষে এ ঘটনা ঘটে। পরে অফিসের অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তবে অভিযুক্ত সিবিএ নেতৃবৃন্দ অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় মাহমুদুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন, পাউবোর কর্মচারী সোয়াইর আহমেদ (৪২), আবু বকর সিদ্দিক (৫৫), জাকির হোসেন (৩৬) ও ইশতিয়াক আহমেদ (৩৮)।
হামলার শিকার মাাহমুদুল ইসলাম সংবাদকর্মীদের জানান, মাস দুয়েক আগে কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে ইউনিয়ন নেতৃবৃন্দ তার কাছে চাঁদা দাবি করেন। ওই সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। বুধবার দুপুরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শোয়েব আহামেদ, সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে কিছু কর্মচারী তার অফিসকক্ষে ঢুকে চাঁদা না দেওয়ার বিষয়টি নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্কে লিপ্ত হয়। একপর্যায়ে প্রকৌশলীর নাকে-মুখে কিল-ঘুসি মারা হয় এবং একটি কাঠের চেয়ার তুলে তার গায়ে আঘাত করলে ডান হাতের কব্জি ও বাম চোখের উপরে রক্তাক্ত জখমপ্রাপ্ত হন।
ডাক-চিৎকার শুনে তার সহকর্মীরা এগিয়ে এসে তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার এবং হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শোয়েব আহামেদ এই অভিযোগ অস্বীকার করে জানান, ওই উপসহকারী প্রকৌশলী প্রায় সময়ই শহীদ জিয়া, প্রধানমন্ত্রীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে মন্তব্য করে থাকেন। এ বিষয়ে তার কাছে জানতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকের গালে একটি থাপ্পড় মারেন। এসময় ধস্তাধস্তি শুরু হলে উপসহকারী প্রকৌশলী পড়ে গিয়ে শরীরে আঘাত পান।
এ ব্যাপারে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি মাত্র ৩/৪ দিন আগে এই কার্যালয়ের দায়িত্ব নিয়েছি। ঘটনার সময় আমি একটি প্রকল্পের কাজে ভৈরবে ছিলাম। খবর পেয়ে তিনি দ্রুত অফিসে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার বিবরণ জানিয়ে মামলা দায়েরের জন্য মাহমুদুল হাসান কিশোরগঞ্জ মডেল থানার ওসি বরাবরে একটি লিখিত অভিযোগ পেশ করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তের জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠোনো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।