কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে ক্রিস্টাল মেথ (আইস) এর দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর সদস্যরা কক্সবাজারের টেকনাফ জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের বোট দুইটি বিচিং করে পালিয়ে যায়।
পরে, ওই বোট দুইটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদসহ দুইটি বোট জব্দ করা হয়। উক্ত মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরও একটি বিশেষ অভিযানে সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দ সকল আলামত ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানায়।