সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় আইন অনুযায়ী উৎসে কর কর্তনের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে উৎসে কর কর্তন ও তা সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান বা অফিস, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্ধারিত বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে। আয়কর আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ক্ষেত্রে উৎসে কর কর্তন করতে হবে।
আয়কর আইন, ২০২৩-এর ৩৪২ ধারার ক্ষমতাবলে ১৪০(৩) ধারায় এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে নির্দিষ্ট ধরনের অর্থ পরিশোধের সময় আইনে নির্ধারিত হারে উৎসে কর কর্তন করবে।
কর্তন করা অর্থ নির্ধারিত নিয়মে সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় হিসাব ও রেকর্ড সংরক্ষণ করতে হবে।
এনবিআরের এমন সিদ্ধান্তের ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ পরিশোধের সময় উৎসে কর কর্তনের আওতা আরও বিস্তৃত হবে। যার মাধ্যমে আয়কর আদায় বাড়ানো এবং কর ফাঁকি নিয়ন্ত্রণ হবে বলে মনে করছে এনবিআর।