বগুড়ায় শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ বহির্বিভাগ

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকেরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকেরা বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে কাউন্টারের তালা ভেঙে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের সামনে অবস্থান নেন।

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

হঠাৎ বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা। টিকিট না পেয়ে অনেক রোগীকে হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে দেখা যায়।

টিকিট না পেয়ে অনেক রোগীকে হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে দেখা যায়।

শজিমেক হাসপাতালের উপপরিচালক মুঞ্জুর-ই-মোরশেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দুপুর ১২টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।

এর আগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করে আসছেন তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।