২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিল জাপান। সেলেসাওদের বিপক্ষে এবার প্রতিশোধের সুযোগ আসছে এশিয়ার জায়ান্টদের সামনে। ভিন্ন মহাদেশের এই দুটি দেশের দেখা হবে চারজাতির টুর্নামেন্টে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ফিফার নভেম্বর উইন্ডোতে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে ব্রাজিল-জাপান ছাড়াও খেলবে স্বাগতিক সিঙ্গাপুর এবং আরেক লাতিন দেশ প্যারাগুয়ে। ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪ দেশের এই প্রতিযোগিতা।
বার্তা সংস্থা এএফপিকে টুর্নামেন্টের আয়োজকরা এই খবর নিশ্চিত করেছেন। তাদের তথ্যমতে, সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর ১৪ নভেম্বর জাপান-ব্রাজিল মুখোমুখি হবে। আর ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
প্রতিযোগিতার শেষ দিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। দিনের অপর ম্যাচে জাপান ও প্যারাগুয়ের মুখোমুখি হবে। অবশ্য এর আগে আরেকবার এশিয়ান ভূমিতে পা রাখবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল ভারত সফরে প্রীতি ম্যাচ খেলবে। কলকাতার সল্টলেকে তারা আগামী ৩ অক্টোবর খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে।