২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের রদবদল হয়েছে। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে একক দেশ হিসেবে সর্বাধিক রেমিট্যান্স পাঠাবার শীর্ষ স্থানটি দখল করেছে সৌদি আরব।
আলোচ্য অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উত্থাপন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগের অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। সে সময় দেশটি থেকে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তবে ২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।
প্রতিমন্ত্রী নুর আরও জানান, আলোচ্য ২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।