এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশের যুবারা। টানা দুই হারে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে জেরার্ড জোন্সের দলের। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বিবর্ণ ছিল বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয়েছে সিরিয়াকে। ম্যাচের ৪৪ মিনিটে বেলাল আল-মুসলির গোলে লিড নেয় তারা। এরপর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিওস প্রাক্সিতেলেস।
বিরতির পর ফিরে প্রকিছুটা গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। কিন্তু গোলের সম্ভাবনা তৈরি করা যায়নি। অন্যদিকে সিরিয়ার আক্রমণের ধারও কমেনি। রেফারির শেষ বাঁশির আগে তৃতীয় গোলের দেখাও পেয়ে যায় দলটি। এতে ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।