রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তায় প্রস্তুত ভারত: জয়শঙ্কর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সহায়তা করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। প্রয়োজন হলে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতেও নয়াদিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কিয়েভ সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, সংঘাতের অবসান ঘটাতে ভারত যেকোনো উপায়ে সহায়তা করতে প্রস্তুত।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ভারত কোনোভাবে সহায়তা করতে পারলে আমরা সেখানে আছি।’ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই মন্ত্রী রাশিয়া-ইউক্রেন সংঘাতের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও আলোচনা করেন।

বর্তমানে ইউক্রেন সফরে রয়েছেন জয়শঙ্কর। সফরে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এবং পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরটির মূল লক্ষ্য দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য।

এদিকে জয়শঙ্করের কিয়েভ সফরের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন।

ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদি বলেন, ‘ভারত শান্তির সব প্রচেষ্টাকে সমর্থন করে এবং ভবিষ্যতেও তা করে যাবে।’ তিনি বলেন, যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। বিপরীতে শান্তির দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ মানুষের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করে।

মোদি আরও বলেন, ‘আমাদের অবশ্যই অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধের অবসানের দিকে এগোতে হবে।’ দ্রুত সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, গান্ধী ও বুদ্ধের ভূমি ভারতের বার্তা একটাই—শান্তির পথ।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে পুতিনের ভারত সফরের কথা রয়েছে। সেখানে দুই নেতার আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।