দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ঘাটতি দেখা দেওয়ার সংবাদ বা গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের খবর প্রকাশকারীদের ‘দেশদ্রোহী অপশক্তি’ বলে অভিহিত করেছেন তিনি। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক বার্তায় ট্রাম্প গণমাধ্যম ও বিশেষজ্ঞদের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, ‘আমি বিজয়ী হওয়ার চেয়ে তারা বরং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারতে দেখতে বেশি পছন্দ করে। তাই এসব শতভাগ ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’

পরবর্তী এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মধ্যম থেকে উচ্চমানের গোলাবারুদের অভাবহীন মজুত রয়েছে, যা বর্তমান বা সম্ভাব্য যেকোনো যুদ্ধের চাহিদার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ‘ইতিহাসে কখনো দেখা যায়নি এমন অভূতপূর্ব গতিতে নতুন অস্ত্র উৎপাদিত হচ্ছে এবং নিজেদের চাহিদা মিটিয়ে খুব শিগগির মিত্রদের কাছে পুনরায় বিক্রি শুরু হবে।’

সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতা নিয়ে আসা বিশেষজ্ঞদের সতর্কবার্তার জবাবে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনকে দোষারোপ করেন। তিনি জানান, বাইডেন বিনামূল্যে ইউক্রেন ও ন্যাটোকে বিপুল অস্ত্র দিয়ে দিয়েছেন, যা ইউরোপের পরিশোধ করা উচিত ছিল এবং যুক্তরাষ্ট্র পরবর্তীতে সেই অর্থ দাবি করবে।

সূত্র: এনডিটিভি