হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জোর প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএস-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসবিএস-কে জানান, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য তারা সুনির্দিষ্ট প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই অভিযানে পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং একটি রসদ সহায়তা জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে দক্ষিণ কোরিয়া সরকার ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল এই প্রণালিতে সেনা পাঠানো হবে। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিধি কমিয়ে দিয়ে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় সিউলের কঠোর সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তার সূত্র ধরে প্রতিবেদনে জানানো হয়, অভিযানের ভিত্তি ও মূল ঘাঁটি নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে। তবে এই সেনা মোতায়েনের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদের সম্মতি নেওয়া আবশ্যক।

সূত্র: আনাদোলু এজেন্সি