সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা ও সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা তৈরিতে নতুন ক্যাম্পেইন ‘আমার আইডি, আমার নিরাপত্তা’র যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ব্ল্যাকবোর্ড ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) যৌথ প্রযোজনায় গত ৭ আগস্ট বনানীর যাত্রা বিরতি রেস্তোরাঁয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বছরব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাফের সভাপতি জেনিফার আলম, ফ্যাশন ব্লগারদের সংগঠন ম্যাবের প্রতিষ্ঠাতা সদস্য নম্রতা খান, মডেল আজরা মাহমুদ, ক্যাম্পেইনের আহ্বায়ক শাখাওয়াত আলম রনো ও প্রযুক্তি বিশেষজ্ঞ সাইমুম রেজা পিয়াস। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ক্রাফের সভাপতি জেনিফার আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন হয়রানিমূলক ঘটনা তুলে ধরেন, সেই সঙ্গে ক্রাফ এক্ষেত্রে কী ভূমিকা পালন করছে, সে বিষয়েও বক্তব্য রাখেন। এরপর ফ্যাশন ব্লগারদের পক্ষ থেকে ম্যাবের প্রতিষ্ঠাতা সদস্য, গ্লিটজ অ্যান্ড গ্লিটারজ ও হিজাবিয়াস্তা ফ্যাশনিয়াস্তার কর্ণধার নম্রতা খান বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বর্তমান সময়ে এমন অনেক মেকআপ আর্টিস্ট আছেন, যারা তাদের অধিকাংশ কার্যক্রম অনলাইনে চালিয়ে থাকেন। তাদের জন্য এটি একটি বড় হুমকি। তিনি আরো বলেন ব্ল্যাকবোর্ডের মতো এমন সচেতনতামূলক পদক্ষেপ সত্যিই অনেক দরকার ছিল এবং শুরু থেকেই এ ক্যাম্পেইনের সঙ্গে থাকতে পারছি এজন্য নিজেকে অনেক গৌরবান্বিত মনে করছি।’ এ পুরো অনুষ্ঠানের টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল ক্রাফ। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল যাত্রা বিরতি ও রিভ অ্যান্টিভাইরাস এবং এ ক্যাম্পেইনের পাশে আছে ম্যাবসহ ফ্যাশন ব্লগার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা, সোশ্যাল ওয়ার্কার, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ আরো অনেকে।