রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কারওয়ান বাজার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।