বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা দেশের একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে।’

বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে এবং দেশ ধীরে ধীরে পেছনের দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি।

সরকারের সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, সরকার গঠনের পর দেশের মূল সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এমন কোনো কার্ড যদি থাকে, যে কার্ড দিলে বাসায় গ্যাস পাব, বিদ্যুৎ পাব—দয়া করে আমাদের সেই কার্ড দিন।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দেশে ১১ দলীয় জোটসহ অনেক রাজনৈতিক দল রয়েছে। জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ারও আহ্বান জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করেছে।